গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর স্টেশন অতিক্রম করার সময় এক ব্যক্তি দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি ট্রেনের সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক সমীকরণ