নির্বাচন উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে না পেরে পরিবহন সংকট তৈরি হওয়ায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর উত্তরা, আবদুল্লাহপুর, গাজীপুর চৌরাস্তা ও টঙ্গী এবং মাওনা চৌরাস্তা এলাকায় দূরপাল্লার বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। পর্যাপ্ত বাস না থাকায় অনেক যাত্রী দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই বাসে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, সাধারণ দিনে যেখানে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে ছুটির অজুহাতে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বাস না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, “ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে, অথচ কোনো নিয়ন্ত্রণ নেই। পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছি।” অপর এক যাত্রী জানান, অতিরিক্ত ভাড়া দিয়েও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
এদিকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রা সময়ও বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে গাজীপুর ও টঙ্গী এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিএর ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, বাস্তবে এর তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
সচেতন মহলের দাবি, ছুটির সময় অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
মেহেদী হাসান // সমীকরণ
দৈনিক সমীকরণ