ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে স্থানীয়দের অভিযানে কথিত মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ March ২০২৬ ইং
ছবির ক্যাপশন:
শ্রীপুর প্রতিনিধি:  গাজীপুরের  শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা ৭নং ওয়ার্ডে স্থানীয়দের উদ্যোগে অভিযান চালিয়ে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রবিবার বিকেলে আনসার রোড এলাকার একটি দোকান থেকে  ১০ পিস ইয়াবা সহ আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তির নাম সজীব। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার কারণে এলাকায় তরুণ সমাজ বিপথগামী হচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

জানা যায়, শ্রীপুর পৌর জাসাসের আহ্বায়ক সদস্য সিফাত এবং ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সৌরভের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও জনতা এ অভিযান পরিচালনা করেন। পরে তাকে আটক করে উপস্থিত জনতা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ এবং শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ আশরাফুল সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।

শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়ে আসছিলাম। এলাকার তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে আমরা স্থানীয়দের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অন্যদিকে, শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ আশরাফুল সরকার বলেন, “মাদক আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। আমরা চাই, প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন দিক, যাতে এলাকা থেকে মাদক পুরোপুরি নির্মূল করা যায়।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সজীবের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ফলে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এর ফলে এলাকায় মাদক ব্যবসা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ