ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্যের অভিযোগ, সার্ভেয়ারকে গণধোলাই

  • নিউজ প্রকাশের তারিখ : ০২ September ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযান চলাকালে বৈষম্যের অভিযোগ তুলে এক সার্ভেয়ারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সওজের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযানে কিছু দোকানপাট ভাঙা হলেও অনেক অবৈধ স্থাপনা অক্ষত রাখা হয়েছে, যা বৈষম্যমূলক।

অভিযান চলাকালীন সার্ভেয়ার রবিউল আলমের একজন অফিস স্টাফের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে মারধর শুরু করে। এতে সার্ভেয়ারের স্টাফসহ দু'জন আহত হন। পরে শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত চার কিলোমিটার এলাকার সওজের অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ছাড়াও সওজের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, শ্রীপুর থানা পুলিশ, মাওনা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা উপস্থিত ছিলেন।


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ