বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে, আসন্ন শরৎকালীন আইফোন লাইনআপের দাম বাড়ানোর কথা ভাবছে অ্যাপল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও অ্যাপল তাদের আসন্ন সিরিজের দাম বাড়ানোর কথা ভাবছে।
অ্যাপল জানিয়েছে, এপ্রিলে শুরু হয়ে জুনে শেষ হওয়া প্রান্তিকে শুল্কজনিত কারণে তাদের অতিরিক্ত খরচ দাঁড়াবে প্রায় ৯০০ মিলিয়ন ডলার। তাই তারা চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে বিক্রিত অধিকাংশ আইফোন ভারতে তৈরি করে সরবরাহ করতে।
বর্তমানে বাজারে থাকা আইফোনগুলোর দাম শুরু হয় ৫৯৯ ডলার থেকে (আইফোন ১৬ই), আইফোন ১৬-এর দাম ৭৯৯ ডলার এবং আইফোন ১৬ প্রো মডেলের দাম ৯৯৯ ডলার।
এদিকে শুল্ক আরোপের সম্ভাবনা মাথায় রেখে অ্যাপল ইতিমধ্যে তাদের বর্তমান মডেলগুলো মজুত করছে এবং চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতে ও ভিয়েতনামে উৎপাদন স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, অ্যাপল তাদের পণ্যের দাম বাড়াতে পারে। তবে তারা সতর্ক করেছেন, এই পদক্ষেপ বাজারে অ্যাপলের শেয়ার হারানোর ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যখন স্যামসাং এর মতো প্রতিদ্বন্দ্বীরা উন্নত এআই ফিচার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপল সম্ভাব্য মূল্যবৃদ্ধিকে ন্যায্যতা দিতে নতুন ফিচার ও ডিজাইন পরিবর্তনের পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে অতিস্লিম ডিজাইন।
এনএইচ
দৈনিক সমীকরণ