ঢাকা | বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধ: শ্রীপুরে টেইলার্স মালিককে কুপিয়ে জখম, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ October ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:   জমি সংক্রান্ত বিরোধ ও বাক-বিতণ্ডার জেরে গাজীপুরের শ্রীপুরে এক টেইলার্স মালিককে কাঠের রোলার দিয়ে  মাথায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত টেইলার্স মালিক মো. আব্দুল্লাহ আল মামুন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
ঘটনাটি গত ১৩/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা এলাকায় ঘটে। আহত আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মোছাঃ সালমা শ্রীপুর মডেল থানায় দাখিলকৃত এক অভিযোগে জানান, প্রতিবেশী মো. রেজাউল্ল্যাহ (২৮), তার মা মোছাঃ রোকেয়া খাতুন (৫০) ও বাবা মো. রহুল আমিন (৫৫) দীর্ঘদিন ধরে তাদের রাস্তার পাশের জমিতে স্থাপিত দোকান ঘরের ছাউনি নির্মাণে বাধা দিয়ে আসছিলেন।
অভিযোগে মোছাঃ সালমা উল্লেখ করেন, ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীগণ তার স্বামীর টেইলার্সের দোকানে প্রবেশ করে। এ সময় ১নং বিবাদী মো. রেজাউল্ল্যাহ পাশে থাকা কাঠের রোলার দিয়ে হত্যার উদ্দেশ্যে তার স্বামী আব্দুল্লাহ আল মামুনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আঘাতে তার মাথায় মারাত্মক কাটা ও রক্তাক্ত জখম সৃষ্টি হয়। এরপর রেজাউল্ল্যাহ ২নং বিবাদী মোছাঃ রোকেয়া খাতুনের সহযোগিতায় তাকে কাঠের রোলার দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন।
হামলার পর ৩নং বিবাদী মো. রহুল আমিন প্রকাশ্যে হুমকি দেন যে, তাদের জবরদখলের কাজে বাধা দিলে বা আইনের আশ্রয় নিলে তারা সালমার স্বামীসহ পরিবারের লোকজনকে খুন করে লাশ গুম করে ফেলবেন।
স্থানীয়দের সহায়তায় আব্দুল্লাহ আল মামুনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও সেলাইয়ের পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরে চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
মোছাঃ সালমা জানান, তার স্বামীর গুরুতর অবস্থার কারণে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও সাক্ষী প্রমাণ রয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ