ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে ২২ ঘণ্টা পর শিশুর লাশ দাফন সম্পন্ন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ August ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব  প্রতিবেদকঃ   জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নবজাতকের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ২২ ঘণ্টা পর শ্রীপুর থানা পুলিশের সহায়তায় শিশুটির দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং উভয় পক্ষই শ্রীপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়ি গ্রামের সুরুজ মিয়ার নাতনির জন্মগ্রহণের কয়েক ঘণ্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা শিশুটির লাশ দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, পারিবারিক সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জেরে ইউনুস আলীর ছেলে আইনাল হকসহ বেশ কয়েকজন শিশুটির পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে দু'জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এই ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে আইনাল হক, উজ্জ্বল হোসেন, আজিজুল ইসলামসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিরোধের কারণেই লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানান, তারা লাশ দাফনে কোনো বাধা দেননি। বরং জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বাদী পক্ষই তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, "আমরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছি এবং আমরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।"

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পিপিএম জানান, শিশুটির লাশ দাফন নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবশেষে, পুলিশের হস্তক্ষেপে ঘটনার ২২ ঘণ্টা পর শিশুটির লাশ দাফন করা সম্ভব হয়।

সমীকরণ/ মেহেদী / গাজীপুর 


দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ